প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
ছাত্র অধিকার পরিষদে যোগ দিলেন রাকিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যপদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে যোগ দিয়েছেন মোহাম্মদ রাকিব। সংগঠনটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য রাকিব ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটির অনুমোদনও দেওয়া হয়েছে। জানা গেছে, ঢাকা কলেজের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী রাকিব জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সম্মুখসারির একজন সক্রিয় কর্মী ছিলেন এবং অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি কারাবরণও করেন। এর আগে তিনি এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র অধিকার পরিষদে যোগদানের কারণ ব্যাখ্যা করে রাকিব বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই সংগঠনটি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি এবং দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও নাগরিকদের অধিকার আদায়ে ভূমিকা রেখে আসছে। তিনি বলেন, জাতীয় রাজনীতি থেকে আবার ছাত্র রাজনীতিতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ ও সময়কে গুরুত্ব দিয়ে। রাকিব আরও জানান, ছাত্র অধিকার পরিষদের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি দেশের প্রতিটি ক্যাম্পাসকে শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলা, আবাসন ও পরিবহন সংকট নিরসন এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে তিনি সক্রিয় ভূমিকা রাখতে চান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD